কাজাখাস্তানে ক্যাফেতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ৭ জনের, আহত ১৯
ছবি: সংগৃহীত
০৫:০০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
কাজাখাস্তানের উত্তরাঞ্চলীয় শহর শুচিনস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউজ ডট এজ জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুসারে রাতের এই বিস্ফোরণটি ক্যাফের ভেতরে গ্যাস-বাতাসের মিশ্রণের কারণে ঘটেছে। আকমোলা অঞ্চলের বুরাবে জেলার এক আবাসিক ভবনের সাথে সংযুক্ত একতলা ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
আঞ্চলিক জরুরি বিভাগ নিশ্চিত করেছে, আগুনটি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে আরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং আরো দুইজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান। নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরীও রয়েছে।
আহতদের মধ্যে ১৩ জন এখনো হাসপাতালে ভর্তি এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের সঠিক কারণ নির্ণয়ের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
সূত্র : রয়টার্স
এমআর/টিকে