ভূতের গুজব ছড়িয়ে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০৭:৩৫ এএম | ০৩ অক্টোবর, ২০২৬
ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় চিতকারা বিশ্ববিদ্যালয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন নাঙ্গালের বাসিন্দা হিমাংশু ও আম্বালার বাসিন্দা আরিয়ান। সেখানকার পুলিশ বলছে, তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের উসকানি দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভূত’ থাকার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শত শত শিক্ষার্থী।
ঘটনার পর একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, বার্তা এবং শিক্ষার্থী ও অন্যদের অনলাইন কার্যক্রম খতিয়ে দেখা হয়।
বানুরের ডিএসপি সুখদেব সিং জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এফআইআরে আরও ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
তদন্তকারীরা বলছেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের উসকানি দেওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি