© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান-আফগানিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
পাকিস্তান-আফগানিস্তানকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি দুই পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শন এবং অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় আনোয়ার বলেন, পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাও সম্মান করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই দুই বিষয় পরস্পরবিরোধী নয়। বরং আলোচনার টেবিলেই এদের সমাধান সম্ভব। কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিমপ্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান।

গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানায় আফগানিস্তানে জাতিসংঘের মিশন। তবে ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানায় কাবুল।

জবাবে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ।

এরপর গত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দেন।

আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

পাকিস্তান সরকারের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রতিশোধমূলক অভিযানে আফগান তালেবান সরকারের ২৭৪ জন সদস্য নিহত হয়েছেন এবং ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন।

পাকিস্তান আরও বলছে, তালেবানের ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। জবাবে পাকিস্তানে ব্যাপক ড্রোন হামলা চালায় আফগান বাহিনীও। আফগানিস্তানের তালেবান সরকার বলছে, তারা পূর্ব ও দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় পাকিস্তানের কয়েকটি সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিবিসিকে জানিয়েছেন, আফগান বাহিনী ১৯টি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং কয়েকজন পাকিস্তানি সেনাকে আটক করেছে। তিনি আরও দাবি করেন, এতে ৫০ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে এই সংখ্যার কোনো স্বাধীন বা নিরপেক্ষভাবে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এসকে/টিকে

মন্তব্য করুন