টেক্সাসে নিজেদের ড্রোন নিজেরাই ভূপাতিত করলো মার্কিন বাহিনী
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে নিজেদের একটি নজরদারি ড্রোন ভুলবশত ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মেক্সিকো সীমান্ত সংলগ্ন ফোর্ট হ্যানকক এলাকায় পেন্টাগন পরিচালিত একটি অত্যাধুনিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে ইতোমধ্যে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরপরই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ওই অঞ্চলের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচলের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষ নিরাপত্তার অজুহাতে জারি করা এই নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা উদ্ধারকারী ফ্লাইটগুলো বিশেষ অনুমতি সাপেক্ষে চলাচলের সুযোগ পাবে।
কংগ্রেসের উচ্চপদস্থ ডেমোক্র্যাট সদস্যরা এই ঘটনার পেছনে সামরিক ও বেসামরিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এবং চরম অদক্ষতাকে দায়ী করেছেন। আইনপ্রণেতা রিক লারসেন, বেনি থম্পসন এবং আন্দ্রে কারসন এক যৌথ বিবৃতিতে জানান, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের একটি ড্রোনকে লক্ষ্য করে উচ্চশক্তির লেজার অস্ত্র ব্যবহার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটিকে ভুলবশত শত্রু ড্রোন মনে করে টার্গেট করা হয়েছিল। এর আগে গত মাসেই এল পাসো এলাকায় একই ধরণের লেজার সিস্টেম পরীক্ষার সময় সাধারণ বেলুনকে লক্ষ্যবস্তু করায় বিমান চলাচল বিঘ্নিত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্ঘটনা পেন্টাগনের নজরদারি ব্যবস্থার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।
সূত্র: আরটি
এমআর/টিকে