সালথায় সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ছবি: সংগৃহীত
০৭:০৭ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুরের সালথায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমির লিজ ও দখল নিয়ে হরিনা গ্রামের সঞ্জয় মালোর সঙ্গে প্রতিবেশী মাসুদ চৌধুরী ও দুলাল চৌধুরীর দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার রাতে বিরোধের জেরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এলাকার পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএস/টিএ