পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে: আলিসন হুকার
ছবি: সংগৃহীত
০৮:২৮ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’কে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ই-মেইল বার্তায় এ সমর্থন জানান।
এর আগে ইসলামাবাদ দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে। অন্যদিকে, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান তাদের বাহিনীর ওপর বড় শহরগুলোতে বোমা হামলা চালানোর পরও তারা আলোচনায় বসতে প্রস্তুত।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ই-মেইল বার্তায় বলেন, ‘তালেবান একটি বিশেষভাবে ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী। তাদের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে।’
মার্কিন কূটনীতিক আলিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, তিনি শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচের সঙ্গে কথা বলেছেন।
পররাষ্ট্র দপ্তরেরে এ মুখপাত্র আরও জানান, পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘর্ষের খবর সম্পর্কে ওয়াশিংটন অবগত রয়েছে। প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, তালেবান বারবার তাদের সন্ত্রাসবিরোধী অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানকে তাদের নৃশংস হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে নতুন করে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।
এসকে/টিএ