চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৫:৫২ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
নাটোরের গুরুদাসপুরে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। রাকিবুর রহমান রাজা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়েই দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে শিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠে।
ইতিমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে টাকা সংক্রান্ত হুমকিসূচক বক্তব্য শোনা যায়।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় যুবদল নেতা মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে এসে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে মেরে হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলব বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী ওবায়দুর রহমান তপু জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. রাকিবুর রহমান রাজা বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি ৫ লাখ টাকা চেয়েছি, তবে তা চাঁদা নয়, পাওনা টাকা।
এদিকে, নাটোর জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে তার পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সই করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
টিকে/