© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী : প্রতিমন্ত্রী শাহে আলম

শেয়ার করুন:
সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী : প্রতিমন্ত্রী শাহে আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিগত ১৭ বছর বগুড়া উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত ও অবহেলিত ছিল উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, ‘বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। এই বঞ্চনা দূর করে বগুড়ায় এখন থেকে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের করতোয়া সভাকক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বগুড়াকে গোপালগঞ্জ বানানো হবে না।

পিছিয়ে পড়া এলাকা হিসেবে যা প্রয়োজন, তা-ই করা হবে। বগুড়ার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ে দিয়েছেন।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকায় কোনো কাজ করলে অবশ্যই এমপিদের পরামর্শ নিতে হবে, না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। যে পদক্ষেপ নেবেন তা এমপিদের মাধ্যমে নিতে হবে।

মীর শাহে আলম আরো বলেন, ‘আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে ফ্যামিলি কার্ড প্রদান কাজের উদ্বোধন করবেন। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৮২২ জনের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।’

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার শাহাদাত হোসেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসীন প্রমুখ।

এমআই/টিকে 

মন্তব্য করুন