© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েত বিমানবন্দরে আহত ৩ বাংলাদেশি: প্রবাসী কল্যাণমন্ত্রী

শেয়ার করুন:
কুয়েত বিমানবন্দরে আহত ৩ বাংলাদেশি: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মিশন ও দূতাবাসগুলোকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। সিভিল অ্যাভিয়েশনে ৮০০ জন এবং মন্ত্রণালয়ে আরও ৫০ জনের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে জানানো হয়, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত-এর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২০১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অন্তত ৮০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হতাহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। আবুধাবিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে হামলায় ইরানের প্রেসিডেন্ট ও সেনাপ্রধান নিহত হয়েছেন-এমন খবর দেশটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

এমআই/টিকে

মন্তব্য করুন