© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় খেজুরের প্যাকেটে প্রায় ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১

শেয়ার করুন:
বগুড়ায় খেজুরের প্যাকেটে প্রায় ৭ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ০১ মার্চ, ২০২৬
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেজুর সদৃশ প্যাকেটে লুকানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শ্রী শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুল রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত পৌনে একটার দিকে শিবগঞ্জের ভরিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আদিবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

বাসটির যাত্রী শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়।

প্যাকেটগুলো খুরমা খেজুরের প্যাকেটের মতো করে স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। প্যাকেটগুলো খুলে গণনা করে দেখা যায়, তাতে মোট ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা রয়েছে। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুল রহমান বলেন, ‘মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে এমন খবর পেয়েই আমরা অভিযানটি চালাই।

এই চক্রের মূল হোতাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এসকে/টিকে

মন্তব্য করুন