© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির তেল

শেয়ার করুন:
ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির তেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ০১ মার্চ, ২০২৬
জামালপুর শহরের একটি পরিত্যক্ত গোডাউনে ইটের নিচে পুঁতে রাখা অবস্থায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোজ্য তেল জব্দ করা হয়েছে। যৌথ অভিযানে মোট ১৪৪৪ লিটার তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে শহরের বাগেরহাটা বটতলা এলাকায় নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে র‌্যাব-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
র‌্যাব ও ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই গোডাউনে অভিযান চালায়। এসময় ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় ৭২২টি দুই লিটারের বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। মোট জব্দকৃত তেলের পরিমাণ ১৪৪৪ লিটার। ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ইটের নিচে তেলগুলো পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, জব্দকৃত তেলের বোতলগুলোর গায়ের মোড়ক তুলে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এগুলো টিসিবির পণ্য। বিতরণের পরিবর্তে সেগুলো গোপনে এখানে মজুত করে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে ৭২২টি দুই লিটারের বোতল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন