দেশের সর্বনাশ করে ড. ইউনূস ও তার উপদেষ্টারা বিদায় নিয়েছেন: গোলাম মাওলা রনি
ছবি: সংগৃহীত
০৮:২৯ পিএম | ০১ মার্চ, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ ঘটিয়ে যেভাবে ড. মুহাম্মদ ইউনূস বিদায় নিয়েছেন এবং তার উপদেষ্টারাও অবনত মস্তকে সরে গেছেন এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নিই, তবে তা হবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্র’-এ গোলাম মাওলা রনি এসব কথা বলেছেন।
গোলাম মাওলা রনি বলেছেন, ‘প্রায় ১৭ মাস আগে যখন ড. ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম; বিশেষ করে ফেসবুককেন্দ্রিক এক প্রবল প্রচারণা লক্ষ করা যায়। সরকার, প্রধান উপদেষ্টা ও তার কার্যালয়ের ভেরিফায়েড পেজ, এমনকি কিছু সাংবাদিকও নিয়মিতভাবে সরকারের সাফল্য তুলে ধরতে থাকেন।
পাশাপাশি এনসিপি ও জামায়াতের মতো দলগুলোও সামাজিক মাধ্যমে বেশ প্রভাবশালী ভূমিকা রাখছিল। সেই সময় দেশের অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করে এই সরকারের অর্থের সংকট হবে না, ঋণের অভাব হবে না, আন্তর্জাতিক মহলেও সমর্থনের ঘাটতি থাকবে না। কিন্তু চার-পাঁচ মাসের মধ্যেই বাস্তবতা ভিন্ন চিত্র সামনে আনে। সামাজিক মাধ্যমে যা প্রচারিত হচ্ছিল, বাস্তবে তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না।’
তিনি আরো বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে মুহূর্তের আবেগ সৃষ্টি করা যায়, বড় সমাবেশ ডাকা যায়, কয়েক দিন বা কয়েক ঘণ্টা দেশকে উত্তেজিত রাখা যায়। কিন্তু দীর্ঘ মেয়াদে মানুষের চিন্তাধারা পরিবর্তন করতে হলে প্রয়োজন লেখালেখি, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা। কেবল ফেসবুকনির্ভর প্রচারণা দিয়ে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়।’
গোলাম মাওলা রনি মন্তব্য করেন, অতীতে যারা একই ধরনের কৌশল নিয়েছিলেন, তারাও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পাননি।
বর্তমান ক্ষমতাসীনদের ক্ষেত্রেও একই পরিণতি ঘটতে পারে-যদি তারা বাস্তবতার নিরিখে নিজেদের অবস্থান মূল্যায়ন না করেন।
সর্বশেষে তিনি বলেছেন, যারা এখন সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে আছেন, তারা নিজেদের মতো করে কাজ করে যাচ্ছেন। সময়ই বলে দেবে তাদের সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে। তবে জাতি হিসেবে আমাদের উচিত অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া।
আরআই/টিএ