© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুরে ৯ মামলার আসামি মাদক সম্রাট রিপন গ্রেপ্তার

শেয়ার করুন:
শরীয়তপুরে ৯ মামলার আসামি মাদক সম্রাট রিপন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ এএম | ০২ মার্চ, ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মাদক মামলার পলাতক আসামি ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন হাওলাদারকে (৪৮) ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) ভোরে নড়িয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই কেএম রিয়াজুল ইসলাম ও এসআই মো. আবুল হোসেন ফোর্সহ পূর্ব নড়িয়া এলাকায় রিপন হাওলাদারের বাড়িতে অভিযান চালান। এ সময় রিপনের বসতঘর তল্লাশি করে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত রিপন হাওলাদার পূর্ব নড়িয়া এলাকার মৃত কদম আলী হাওলাদারের ছেলে। পুলিশি রেকর্ড অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত রিপনের বিরুদ্ধে নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি এসব মামলায় পলাতক থেকে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। একই অভিযানে রিপনের সহযোগী সুমন খান (৩২) নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এসএস/টিএ

মন্তব্য করুন