নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত
০১:৪৭ এএম | ০২ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিনজন শ্রমিক।
এ সময় ক্রেনের তার গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হয়। এবং আমিন মিয়াকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। এ ঘটনায় নামে আরেক শ্রমিক আহত হয়েছে।
ঘাটটির সরদার মোহাম্মদ ওমর বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিঁড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।
এসএস/টিএ