সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু
ছবি: সংগৃহীত
০৫:৫২ এএম | ০২ মার্চ, ২০২৬
সাতক্ষীরা জেলা কারাগারে আজিজ সানা (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজিজ সানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এন্তাজ সানার ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার মণ্ডল হাজতি আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শ্যামনগর থানায় একটি চুরি মামলায় স্থানীয় লোকজন আজিজ সানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ তাকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠায়।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা কারাগারের হাজতি আব্দুল আজিজকে অসুস্থ অবস্থায় রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিলেন।
এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
এসএস/টিএ