© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিজিটাল মাধ্যমে বিচারের ক্ষমতা পেল আদালত

শেয়ার করুন:
ডিজিটাল মাধ্যমে বিচারের ক্ষমতা পেল আদালত
central-desk
১০:৪৮ এএম | ১০ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আদালতে চলছে সাধারণ ছুটি। এমন প্রেক্ষাপটে ডিজিটাল পরিষেবার মাধ্যমে জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি করতে ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার এই অধ্যাদেশ জারি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, এখন থেকে অধ্যাদেশটি কার্যকর হবে। তিনি বলেন, অধ্যাদেশ অনুসারে, প্রয়োজনবোধে যেকোনো সময় ডিজিটাল পদ্ধতিতে মামলার শুনানি ও নিষ্পত্তি করতে অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে ২৬ মার্চ থেকে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। চলমান এই বন্ধের সময় ভার্চুয়াল আদালত পরিচালনার অনুমতি দেয়ার জন্য একাধিক আইনজীবী প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকদের নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেন। বৈঠকে একটি অধ্যাদেশ জারির জন্য সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। যেন ভার্চুয়াল আদালত পরিচালনার মাধ্যমে মামলার শুনানি ও নিষ্পত্তি করা যায়।

এরপর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার ওই বৈঠকে ডিজিটাল উপায়ে আদালত পরিচালনার বিষয়ে একটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ওই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সেদিন জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্ধের কারণে দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে মানুষ বঞ্চিত রয়েছে এবং মামলা জমে যাচ্ছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন