রংপুরে ইন্টারনেট কর্মকর্তার রুমে ঢুকে পরিবারকে গুলির হুমকি যুবদল নেতার
ছবি: সংগৃহীত
০৬:৫৬ পিএম | ০২ মার্চ, ২০২৬
রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের এক শীর্ষ নেতার বিরুদ্ধে। কেবল ও ইন্টারনেট কর্মকর্তার রুমে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার হুমকি দেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল রবিবার (১ মার্চ) বিকেলে নগরীর রংপুর প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় অবস্থিত ক্যাবল ওয়ান-এর কার্যালয়ে তিনি হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু দলবল নিয়ে ওই অফিসে প্রবেশ করেন এবং প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) মাহাদী হাসান কাফিকে মোবাইল ফোনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকিবুল রহমান মনু উত্তেজিত কণ্ঠে ফোনে বলেন, আজকের মধ্যে এর সমাধান না করলে তোর রুমে ঢুকে বউ-বাচ্চাকে গুলি করবো। একই সঙ্গে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং অফিসে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারীদেরও ভয়ভীতি প্রদর্শন করেন।
এর পর রংপুরে কেবল ওয়ান অফিসে কর্মকর্তার উপর হামলার ঘটনায় পুরো নগরীতে টেলিভিশন সম্প্রচার ও নেট প্রায় ৮-৯ ঘণ্টা বন্ধ করা হয়। তবে ভিডিও ফুটেজে দেখা যায় হামলাকারীরা কাগজপত্র তছনছ করছেন। এ সময় অফিস ও কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে সম্প্রচার স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে মধ্য রাতে নেট ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার চালু করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ানের একটি ফিড সংযোগ অন্য এক ব্যক্তিকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সংযোগ রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছিলেন আকিবুল রহমান মনু। ওই দাবিতে সাড়া না পাওয়ায় এই হুমকি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ। এ বিষয়ে ক্যাবল ওয়ানের জিএম মাহাদী হাসান কাফি বলেন, গতকাল রবিবার বিকেলে মনু তার সহযোগীদের নিয়ে অফিসে ঢুকে আমাকে না পেয়ে ফোনে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়। শুধু তাই নয়, অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও ভয় দেখানো হয়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রবিবার রাতেই আকিবুল রহমান মনু এবং তামজিদুর রশীদ গালিবকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। ফলে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইউটি/টিএ