© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলি করে হত্যার হুমকি ও তাণ্ডব, রংপুরে যুবদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
গুলি করে হত্যার হুমকি ও তাণ্ডব, রংপুরে যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৮ পিএম | ০২ মার্চ, ২০২৬
রংপুর নগরীতে ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি, ভাঙচুর ও মারধরের ঘটনায় করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী। তিনি জানান, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা মামলার ভিত্তিতে গালিবকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর এবং বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রবিবার রাত সাড়ে ৩টার দিকে রংপুর কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল। মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা দুটি প্রতিষ্ঠানের ইন্টারনেট ও ক্যাবল লাইন কেটে দেয়। এতে শত শত গ্রাহক দীর্ঘ সময় সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে চরম ভোগান্তির শিকার হন। এতে দুই প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনার প্রতিবাদ ও বিস্তারিত তুলে ধরতে মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার মোছা. রেবেকা হারুন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের পরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

রবিবার বিকেলে তামজিদুর রশিদ গালিব ও আকিবুল রহমান মনুসহ আনুমানিক ১৫-২০ জন নগরীর কামাল কাছনা এলাকার প্রতিষ্ঠানের অফিসে ঢুকে কর্মীদের ওপর মারমুখী আচরণ করেন। অভিযোগ রয়েছে, গালিবের নির্দেশে অন্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে কর্মচারীদের মারধর করেন এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন।

এসময় আসামিরা হুমকি দেন আগামী দুই দিনের মধ্যে কামাল কাছনা এলাকায় তামজিদুর রশিদ গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ না দিলে ভয়াবহ পরিণতি হবে। এজাহারে আরো উল্লেখ করা হয়, আকিবুল রহমান মনু মোবাইল ফোনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদি হাসান কাফিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দেন।

তিনি বাসায় গিয়ে বেডরুমে স্ত্রী-সন্তানসহ হত্যার কথাও বলেন বলে অভিযোগ রয়েছে। পরে অফিসের বাইরে গেলে কর্মীদের মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর সংগঠনগত ব্যবস্থা হিসেবে যুবদল অভিযুক্ত দুই নেতাকে বহিষ্কার করেছে। যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় নগরজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন