বরিশালে পদ স্থগিত হওয়া বিএনপি নেতা দেলোয়ার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:২৯ পিএম | ০২ মার্চ, ২০২৬
বরিশালের বানারীপাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ও সদর ইউনিয়ন বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে বরিশালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রবিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, দেলোয়ার হোসেন পার্শ্ববর্তী নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় দায়ের করা একটি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ওই মামলার পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দেলোয়ার হোসেন বেসরকারি এনজিও ‘আলোক শিখা’ ও ‘আরপিডিএস’-এর চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সভাপতি। অভিযোগ রয়েছে, বানারীপাড়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও উজিরপুরসহ বিভিন্ন এলাকায় এনজিও কার্যক্রমের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা সংগ্রহ করেন তিনি। পরবর্তীতে কার্যক্রম বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় প্রতারণার অভিযোগে ক্ষতিগ্রস্তরা একাধিক মামলা দায়ের করেন। বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের দাবিতে শত শত গ্রাহক বিক্ষোভও করেন। প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপি তার দলীয় পদ স্থগিত করে।
এদিকে ভুক্তভোগীরা দ্রুত তাদের অর্থ উদ্ধার এবং দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসএস/টিএ