সালথায় স্ত্রী-সন্তানকে নির্যাতনের ঘটনায় সেই মাদকব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:১৩ এএম | ০৩ মার্চ, ২০২৬
ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত মো. সাহিদ শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. মাহমুদুল হাসান। গ্রেপ্তার সাহিদ শেখ মাঝারদিয়া গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিজেও মাদকাসক্ত।
এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়ে কারাভোগ করেছেন। বর্তমানে তিনি পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তার ছেলে আশিক শেখ চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। বাবার মাদক ব্যবসার কারণে সামাজিকভাবে বিব্রত হয়ে সে বাবাকে এ পথ থেকে সরে আসতে চাপ দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সাহিদ তার স্ত্রী জাহানারা বেগম ও ছেলে আশিককে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করেন। একপর্যায়ে ছেলের পড়াশোনার বইখাতা পুড়িয়ে দেন তিনি। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর আশিক ও তার মা পাশের একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
পরে বাবার বিচার দাবি করে আশিক সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার রাত ১০টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকে সাহিদকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে স্ত্রী-সন্তান নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এসএস/টিএ