© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গোপসাগরে কিশোর জেলে হত্যা মামলার প্রধান আসামি আরিফ গ্রেপ্তার

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে কিশোর জেলে হত্যা মামলার প্রধান আসামি আরিফ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ এএম | ০৩ মার্চ, ২০২৬
কক্সবাজারের সমুদ্র উপকূল ও গভীর বঙ্গোপসাগরে জেলেদের কাছে আতঙ্কের নাম ডাকাত সর্দার আরিফ (৩২) অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছেন। হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ আট মামলার এ আসামিকে রবিবার (১ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পেশকারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আরিফ পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহজাহান’-এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার উপকূল ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় সশস্ত্র ডাকাতির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ এলাকায় ‘এফবি অজুফা আক্তার মানু’ নামের একটি ফিশিং বোটে সশস্ত্র ডাকাতি হয়। আরিফের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং নিজেদের নৌযান দিয়ে ধাক্কা দেয়। এতে বোটের ১৭ বছর বয়সী জেলে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ডাকাতরা বোট থেকে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে পাশের একটি জাহাজে আশ্রয় নিয়ে পালিয়ে যায় বলে জানায় র‌্যাব। র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আরিফ একজন চিহ্নিত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে অন্তত আটটি মামলা রয়েছে।

কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি র‌্যাবের।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

এসএস/টিএ

মন্তব্য করুন