সৌদি আরবে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৩ মার্চ, ২০২৬
সৌদি আরবে কানাডার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে রিয়াদে যুক্তরাষ্ট্রের রিয়াদে দূতাবাসে ড্রোন হামলার পর এমন সিদ্ধান্ত নিল কানাডা। খবর আল জাজিরার।
কানাডার সৌদি আরব মিশন জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ দূতাবাস বন্ধ করা হচ্ছে। তারা আরও বলেছে, আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সমস্ত ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। এর কয়েক ঘণ্টা পর সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
এদিকে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। হামলার ঘটনায় পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার বিকল্পসহ নিজেদের আত্মরক্ষা ও স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেয়ার পূর্ণ অধিকার রয়েছে।
এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগির বড় ধরনের ‘পাল্টা পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।
এসএন