আইনজীবীর ফি দিতে না পেরে চ্যাটজিপিটির দ্বারস্থ, জিতলেন মামলা
ছবি: সংগৃহীত
১০:৫১ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাজ্যের এক দমকলকর্মী আইনি সহায়তার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করে সাবেক প্রেমিকার বিরুদ্ধে ৪০ হাজার পাউন্ডের একটি মামলা জিতেছেন। পেশাদার আইনজীবীদের বিপুল ফি দিতে না পেরে হিথ্রো বিমানবন্দরে কর্মরত ৪০ বছর বয়সী ক্রেইগ টিচেনার নিজেই আদালতে মামলাটি পরিচালনা করে এই জয় পান।
জানা যায়, ক্রেইগ ২০১৯ সালে লটারিতে ২ লাখ পাউন্ড জেতেন। পরে ২০২২ সালে তিনি তার তৎকালীন প্রেমিকা ও পেশায় সাইকিয়াট্রিক নার্স হিদার ডগলাসকে (৩৭) বিনিয়োগের জন্য ৪০ হাজার পাউন্ড দেন। তাদের মধ্যে চুক্তি ছিল যে, হিদার তার আর্থিক জ্ঞান কাজে লাগিয়ে ওই অর্থ প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করবেন এবং লভ্যাংশ তারা দুজনে ভাগ করে নেবেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর হিদার ওই অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান। তিনি দাবি করেন, অর্থটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি ক্রেইগের বিরুদ্ধে হয়রানি ও নিয়ন্ত্রণেরও অভিযোগ তোলেন।
আইনজীবীদের ফি দিতে অক্ষম ক্রেইগ মামলা পরিচালনার জন্য চ্যাটজিপিটির দ্বারস্থ হন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্টে নিজের মামলা উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণের ধাপে ধাপে নির্দেশনা দেয়। আদালতে হিদার অর্থটি উপহার হিসেবে পাওয়ার কোনো প্রমাণ বা নিজের ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে ব্যর্থ হন। ফলে গত সপ্তাহে আদালত ক্রেইগের পক্ষে রায় দেন। ক্রেইগ জানান, নিজে মামলা পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হলেও চ্যাটজিপিটির সাহায্য ছাড়া তিনি হয়তো মামলাটি জিততে পারতেন না।
এমআই/টিএ