© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্নীতিবাজ দলের লোক হলেও ছাড় পাবে না : দীপেন দেওয়ান

শেয়ার করুন:
দুর্নীতিবাজ দলের লোক হলেও ছাড় পাবে না : দীপেন দেওয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ০৪ মার্চ, ২০২৬
পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতিবাজ দলের কেউ হলেও ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। 

বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি জেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় শুরু হয়ে  সাড়ে ১১টায় শেষ হয়।

পার্বত্যমন্ত্রী বলেন, রাঙামাটিতে দেশি পর্যটক বৃদ্ধির পাশাপাশি বিদেশি পর্যটক আনতে যা যা করণীয় তাই করব। এ ছাড়া রাঙামাটি-চট্টগ্রাম এবং রাঙামাটি -খাগড়াছড়ি সড়ক ফোর লেন করা হবে। পরিকল্পনা ও বাস্তবায়নের সমন্বয় নিশ্চিত করা হবে।

এর মধ্য দিয়ে পার্বত্য রাঙামাটিকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে কাজ করা হবে। বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, কৃষি, কর্মসংস্হান ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। এতে পার্বত্য অঞ্চল এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে।
 
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহায়তা চেয়ে মন্ত্রী বলেন, শান্তির পূর্বশর্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। পাহাড়ে উন্নয়ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সাংবাদিকদের সহায়তা করার আহ্বান জানান।  

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

 কেএন/এসএন

মন্তব্য করুন