ই-রিটার্ন দাখিল করেছেন ৪০ লাখের বেশি করদাতা: এনবিআর
ছবি: সংগৃহীত
০৬:৫৪ পিএম | ০৪ মার্চ, ২০২৬
চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ (পঁয়ষট্টি) বছর বা এর বেশি বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। গত বছরের ৪ আগস্ট তারিখ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি করদাতা এরইমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন।
চলতি অর্থবছরের আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন, ডিসেম্বর মাসে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন, জানুয়ারি মাসে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চ মাসের প্রথম ৪ দিনে ৩৬ হাজার ৭০০ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। আর গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছিলেন।
এবার দাখিল করা ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজাড ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজড় ৩ জন নারী করদাতা। এরমধ্যে বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ এবং ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ নারী করদাতা। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ৮৪ হাজার ৪৭৭ জন।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ এবং নারী করদাতার সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন এবং নারী করদাতার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন। ১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন এবং নারী করদাতার সংখ্যা ৪৭ হাজার ৫৩২ জন।
২০ লাখ টাকার বেশি কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ৫৪ হাজার ২১২ জন এবং নারী করদাতার সংখ্যা ১১ হাজার ৪৫৫ জন। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯ হাজার ৮০ জন এবং নারী করদাতার সংখ্যা ৫ হাজার ১১৭ জন। সম্পদের পরিমান সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ করদাতা এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd ই-মেইলে পাঠিয়ে আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওটিপি এবং রেজিষ্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে এবং এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও ই-মেইলে ওটিপি সংগ্রহ করেনসহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। এছাড়া, করদাতার পক্ষে তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও চলতি বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।
কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপ্লোড না করে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে এন্ট্রি করে সহজে ঝামেলাহীনভাবে ঘরে বসেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করে ই-রিটার্ন দাখিল করে তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র এবং স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন।
এতে দেশে-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি করদাতার কাছে ই-রিটার্ন দাখিল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দাখিল করা রিটার্নে কোনো ভুল হলে রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ই-রিটার্ন সিস্টেম থেকেই সংশোধিত রিটার্ন দাখিল করা যাচ্ছে। এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে ২০২৫-২৬ কর বছরের সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের স্থাপিত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া, www.etaxnbr.gov.bd এর ই-ট্যাক্স সার্ভিস অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।
সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকক অফিস চলাকালীন সময়ে ই-রিটার্ন দাখিল বিষয়ক সব সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। জরিমানা এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এরইমধ্যে ই-রিটার্ন দাখিলের অনুরোধ করে ব্যক্তি শ্রেনির করদাতাদেরকে এসএমএস পাঠানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সব করদাতাকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ মার্চের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করেছে।
টিজে/টিএ