বিশ্ববাজারে তেলের দরপতন, কমলো ব্যারেলপ্রতি ৯৩.৮২ ডলার
ছবি: সংগৃহীত
১২:৩৯ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ঝুঁকি কিছুটা কমার সম্ভাবনায় এই দরপতন দেখা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৯৩ ডলার ৮২ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এক ডলার দুই সেন্ট বা এক দশমিক ৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬ ডলার ৯২ সেন্টে। এর আগের দিনের কার্যদিবসে উভয় মানদণ্ডেই তেলের দাম ৮ শতাংশের বেশি কমে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।
উপসাগরীয় সরকারগুলোর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে ট্রাম্পের সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়বে। ফলে ওয়াশিংটন যুদ্ধের পথ এড়িয়ে একটি সমঝোতায় পৌঁছানোর দিকে বেশি মনোযোগ দিতে পারে। এর ফলে ইরানের ওপর পূর্ণমাত্রার হামলার ঝুঁকি আগের চেয়ে কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হলে অঞ্চলটি থেকে তেল সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে এমন আশাবাদ তৈরি হয়েছে বাজারে।
বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক মাত্রায় ফিরে এসেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে আবারও উদ্বৃত্ত দেখা দিয়েছে। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান জানিয়েছে, যুদ্ধজনিত বিঘ্ন কাটিয়ে বাজারে সেপ্টেম্বর মাসে দৈনিক ১১ লাখ ব্যারেল এবং অক্টোবরে দৈনিক ১৪ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহ ছিল।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। আগামী জানুয়ারি মাসে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির বিষয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে। বৈশ্বিক কৌশলগত তেলের মজুত বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে থাকায় যেকোনো ধরনের নতুন উত্তেজনা দেখা দিলে ব্রেন্ট ক্রুডের দাম আবারও লাফিয়ে ১১০ থেকে ১২৫ ডলারে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ইউরেশিয়া গ্রুপ।
কেএন/