২৪ ঘণ্টায় আরব উপসাগরে ৫ জাহাজে হামলা
ছবি: সংগৃহীত
০৫:১৪ এএম | ০৫ মার্চ, ২০২৬
যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, আরব উপসাগরে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সংস্থাটি জানায়, ফুজাইরাহ উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে জাহাজ দুটির ফানেল ও স্টিলের পাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরেকটি কনটেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ওমান উপকূল এবং দুবাইয়ের পশ্চিমে আরও দুটি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।
জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে।
সূত্র : দ্য গার্ডিয়ান ও আল জাজিরা
এমআর/টিএ