© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ এএম | ০৫ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩২ জন নাবিককে। শ্রীলঙ্কার নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে জানায়, দক্ষিণাঞ্চলীয় গলে শহর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (প্রায় ৭৫ কিলোমিটার) দূরে অবস্থানরত ইরানি ফ্রিগেট ‘আইআরআইএস দেনা’ স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে বিপদসংকেত পাঠায়।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ এর আগে জানিয়েছিলেন, জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ পার্লামেন্টে জানান, জাহাজটি বিপদে পড়েছে-এমন তথ্য পাওয়ার পর সরকার উদ্ধার অভিযানে নৌবাহিনীর জাহাজ ও বিমানবাহিনীর উড়োজাহাজ পাঠায়।

শ্রীলঙ্কা নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, যেখানে ইরানি যুদ্ধজাহাজটি ডুবেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা উড়োজাহাজ দেখা যায়নি।

গলের একটি হাসপাতালের সামনে থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, কলম্বোয় অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন-ঘটনার কারণ জানতে জীবিত নাবিকদের সঙ্গে কথা বলতে দুইজন কর্মকর্তা গলে পাঠানো হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, শ্রীলঙ্কার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানো হলো।

সূত্র: আলজাজিরা, বিবিসি

এমআর/টিএ 

মন্তব্য করুন