© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে টালমাটাল বিশ্ববাজার

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে টালমাটাল বিশ্ববাজার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ এএম | ০৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরালের ত্রিমুখী সংঘাত ঘিরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানির দর। একদিকে বন্ধ জাহাজ চলাচলের অন্যতম রুট হরমুজ প্রণালি, অন্যদিকে উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় হামলা—সবমিলিয়ে তেল-গ্যাসের দাম বাড়ছে হু হু করে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল উত্তোলন কমিয়ে দিয়েছে ইরাক। মজুত সংকট ও রপ্তানি রুট বন্ধ থাকায়, দিনে প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে; যা দেশটির মোট উৎপাদনের অর্ধেক। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলার জেরে, ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১০০ শতাংশের বেশি। হামলা শুরুর আগে, যে গ্যাসের দাম ছিল ৩১ ইউরো, একলাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ ইউরোতে।

যুদ্ধের আঁচ লেগেছে পুঁজিবাজারেও। বুধবার (৪ মার্চ) অস্বাভাবিক হারে কমেছে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্কের শেয়ারের সূচক; যা ২০০৮ সালের পর একদিনে সবচেয়ে বড় দরপতন।

টোকিওতে জাপানের নিক্কেই, সাংহাইতে চীনের সিএসআই এবং মুম্বাইয়ে ভারতের নিফটি শেয়ারের সূচকও নিম্নমুখী।

শনিবার সংঘাত শুরুর পর, প্রথমবারের মতো খুলেছে মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবি স্টক এক্সচেঞ্জ। যেখানে দুবাই সূচক ৪ দশমিক ৭ ও আবুধাবির সূচক ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।

এদিকে, নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছেন স্বর্ণের দিকে। চারদিনের চড়া দামের পর আউন্সপ্রতি কমেছে প্রায় ৯৫ ডলার। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি।

টিজে/এসএন 

মন্তব্য করুন