কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় বাজি ও প্রসাধনী জব্দ
ছবি: সংগৃহীত
১১:৪৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বাজি, ফুচকা এবং প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। বুধবার (৪ মার্চ) বিকেলে ১০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা এবং পাশাপাশি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সির উপস্থিতিতে ও ১০ বিজিবি’র এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন এ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, ফুচকা এবং বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করে।
এছাড়া জেলার আদর্শ উপজেলার পালপাড়া এবং জোড়া ব্রিজ এলাকায় ১০ বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করে। যার আনুমানিক মূল্য ৯৫ লাখ ৬৪ চৌষট্টি হাজার টাকা।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, পৃথক অভিযানে সর্বমোট ২ কোটি ৫৯ লাখ ৫০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
এমআই/এসএন