কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বেইলি ব্রিজে দুর্ঘটনায় ট্রাক, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
০৩:০০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বেইলি ব্রিজের রেলিংয়ে ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। এরপর থেকে ওই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্রিজের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলাধীন ব্যাঙছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় চট্টগ্রামের রাগুনীয়া থেকে কাপ্তাই অভিমুখে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি বেইলি ব্রিজে উঠতেই বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত
অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। ফলে ব্রিজের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং গাড়িটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজটি অতিসরু এবং ঝুঁকিপূর্ণ। এখানে ২/৩ বছর আগে একটি পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু পাইলিং করার নামে মাঝপথে কাজ বন্ধ করে দেয়া হয় এবং পুনরায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজের কাজ শুরু হবে বলে সওজ বিভাগ জানিয়েছে।
কেএন/এসএন