© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা অস্বীকার ইরানের

শেয়ার করুন:
আজারবাইজানে ড্রোন হামলার ঘটনা অস্বীকার ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ০৫ মার্চ, ২০২৬
ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন আজারবাইজানের ভূখণ্ডে এসে পড়েছে বলে অভিযোগ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে এবং অপরটি আঘাত হানে শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে। এসব হামলায় অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানায় আজারবাইজান কর্তৃপক্ষ।

তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আজারবাইজানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ নাকচ করেছেন। তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘আজারবাইজানে হামলা চালায়নি ইরান। আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করি না।’

তিনি আরও বলেন, ‘ইরানের নীতি হলো শুধুমাত্র এই অঞ্চলে সক্রিয় এবং ইরানকে আক্রমণ করতে ব্যবহৃত শত্রুদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিগুলো আমাদের লক্ষ্যবস্তু।’

এর আগে এক বিবৃতিতে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘আমরা ইরানের ভূখণ্ড থেকে চালানো এই ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় বিমানবন্দরের ভবনের ক্ষতি হয়েছে। এতে দুইজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।’

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

এসকে/টিকে

মন্তব্য করুন