আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ার পর সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে চালু হওয়ার পর বাণিজ্যিক ফ্লাইটের নিরাপদ পরিচালনার জন্য সীমিত সূচি নিয়ে ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস।
বিমান সংস্থাটি জানিয়েছে, ৫ ও ৬ মার্চ দুবাই থেকে ১০০টির বেশি ফ্লাইট ছেড়ে যাবে এবং একই সময়ে দুবাইয়ে ফিরে আসবে। এসব ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের পাশাপাশি পচনশীল পণ্য, ওষুধসহ জরুরি কার্গো পরিবহন করা হবে।
এয়ারস্পেসের প্রাপ্যতা এবং অন্যান্য অপারেশনাল শর্ত পূরণ সাপেক্ষে ধীরে ধীরে ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এমিরেটস।
সংস্থাটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এমিরেটস জানায়, বর্তমান পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সে অনুযায়ী ফ্লাইট পরিচালনা সমন্বয় করা হচ্ছে। এ অবস্থায় যেসব যাত্রীর বুকিং নিশ্চিত রয়েছে, শুধুমাত্র তাদেরই বিমানবন্দরে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের এমিরেটসের ওয়েবসাইট ও অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলোতে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
এসকে/টিকে