খামেনি পুত্র মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মানতে চান না ট্রাম্প
ছবি: সংগৃহীত
১২:১৩ এএম | ০৬ মার্চ, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা ‘সময়ের অপচয়’ হবে।
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনির নাম বেশি উচ্চারিত হচ্ছে। তবে ট্রাম্প জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না তিনি।
ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে।’
তিনি আরও বলেন, আগের নেতৃত্বের নীতি অব্যাহত রাখবে, এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি গ্রহণ করবেন না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবেন।’
সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর সে পদের দায়িত্বভার সামলানোর জন্য ৩ সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহসেনি-এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা বেছে নেয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করবে লিডারশিপ কাউন্সিল। দেশটির সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান। এদিকে খামেনির স্থলে যেই সর্বোচ্চ নেতা হিসেবে আসুক না কেন, তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল।
সূত্র: আল জাজিরা
আরআই/টিএ