ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে টেকেরহাট পরিবহন নামে একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সাথে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়।
পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।
এসএন