© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ এগিয়ে নেপালের নির্বাচনে!

শেয়ার করুন:
সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ এগিয়ে নেপালের নির্বাচনে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
নেপালে সরকার পতনের পর প্রথম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। নির্বাচনী লড়াইয়ে একদিকে পুরনো দল নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএল, অন্যদিকে তুলনামূলক নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

ইউএমএলের হয়ে লড়াই করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহের জয়ের সম্ভাবনা বেশি বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম।

সহিংস বিক্ষোভে সরকার পতনের কয়েক মাস পর নতুন এক মোড়ে দাঁড়িয়ে নেপাল। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই বৃহস্পতিবার (৫ মার্চ) ভোটকেন্দ্রে যান লাখো ভোটার। সরকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও সাধারণ নাগরিকদের প্রত্যাশা নতুন এক সূচনা দেখবে কাঠমাণ্ডু।

নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নতুন নেতা গগন থাপা।

তবে সবার নজর এখন ঝাপা-৫ আসনে যেখানে ক্ষমতাচ্যুত ওলি তার নিজ জেলা থেকে পুনঃনির্বাচনের চেষ্টা করছেন। জনপ্রিয় সাবেক র‌্যাপার বালেন্দ্র শাহও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই আসনই নির্ধারণ করবে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় ফিরতে পারবেন কি না, কিংবা যুব শক্তির নেতৃত্বাধীন পরিবর্তন বাস্তব হবে কি না।

তিন কোটি জনসংখ্যার হিমালয় কন্যা নেপালে ২০০৬ সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এবারের নির্বাচনটি অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটিই নেপালে অবস্থিত। তুষারাবৃত পার্বত্য অঞ্চলগুলো থেকে ব্যালট বক্স সংগ্রহে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

নির্বাচনের ফলাফল একদিনের মধ্যেই সরাসরি ভোটের জন্য প্রকাশিত হবে, তবে পার্টি তালিকা অনুযায়ী ফলাফল ঘোষণা করতে আরও সময় লাগতে পারে। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা আসার সম্ভাবনা কম। তাই কংগ্রেস ও যুব-বান্ধব দলগুলোর মধ্যে জোট আলোচনা চলতে পারে।

এসকে/টিকে

মন্তব্য করুন