কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের টানা হামলার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
০৭:১৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
কুয়েতে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। শিগগিরই আবারও কয়েক ঘণ্টা টানা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
শুক্রবার (৬ মার্চ) ইরানের সামরিক বাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরো হামলা চালানো হবে।’
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা ধরে এই হামলা চলতে থাকবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার কুয়েতের উত্তর-পশ্চিমে ক্যাম্প বুহরিং ও দক্ষিণে ক্যাম্প আরিফজানে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ক্যাম্প বুহরিং আগে ক্যাম্প উদাইরি নামে পরিচিত ছিল। কুয়েতের উত্তর-পশ্চিমাঞ্চলে বড় মার্কিন সামরিক ঘাঁটি এটি।
প্রসঙ্গত, কুয়েতে মার্কিন ঘাঁটিতে এখন পর্যন্ত ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়।
এসকে/টিকে