কয়েকটা দেশ মধ্যস্থতার চেষ্টা করছে: ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০৭:৩৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, যুদ্ধ বন্ধে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। যদিও তিনি এ প্রচেষ্টায় জড়িত কোনো দেশের নাম নির্দিষ্ট করে বলেননি।
শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মাসুদ পেজেশকিয়ান এ দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে। বিষয়টি পরিষ্কার করে বলতে চাই-আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের দেশের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ করব না।
মধ্যস্থাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা তাদের উদ্দেশেই হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের সূচনা করেছে।’
পেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন একসময়, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়।
হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
এসকে/টিকে