শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬
শিশুদের অনলাইন আসক্তি এবং সাইবার বুলিং থেকে রক্ষা করতে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
শুক্রবার (৬ মার্চ) দেশটির যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মিউতিয়া হাফিদ এক ভিডিও বিবৃতিতে জানান, একটি নতুন নির্দেশিকার মাধ্যমে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রবেশাধিকার সীমিত করা হবে।
অস্ট্রেলিয়া, স্পেন এবং মালয়েশিয়ার পর ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই কঠোর অনলাইন সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং রুবলক্সের মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ প্ল্যাটফর্মগুলোতে থাকা ১৬ বছরের কম বয়সি শিশুদের অ্যাকাউন্টগুলো পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করা শুরু হবে।
মন্ত্রী জানান, প্ল্যাটফর্মগুলো তাদের বাধ্যবাধকতা পূরণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো কীভাবে এই বয়স যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করবে, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।
এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে শিশুদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। ইন্দোনেশিয়া সরকারের মতে, বর্তমান সময়ে শিশুরা পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন জালিয়াতি এবং মারাত্মক আসক্তির মতো ঝুঁকির মুখে রয়েছে।
যদিও মন্ত্রী স্বীকার করেছেন যে, এই বিধিনিষেধের কারণে শুরুতে শিশুরা অসন্তুষ্ট হতে পারে এবং অভিভাবকরা তাদের সামলাতে কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন, তবুও দীর্ঘমেয়াদী নিরাপত্তার স্বার্থে এটি অত্যন্ত জরুরি।
এদিকে, ২০২৪ সালের তথ্যমতে প্রায় ৮০ শতাংশ মানুষ দেশটিতে ইন্টারনেট ব্যবহার করেন। উদ্বেগের বিষয় হলো, দেশটিতে ১২ বছরের কম বয়সি শিশুদের প্রায় ৪৮ শতাংশই ইন্টারনেটে সক্রিয় এবং তারা নিয়মিত ফেসবুক বা টিকটকের মতো অ্যাপ ব্যবহার করে।
বিপুল সংখ্যক এই কিশোর-কিশোরীকে অনলাইন ঝুঁকি থেকে বের করে আনতেই সরকার এই কঠোর নিয়ম কার্যকর করতে যাচ্ছে, যা নিয়ে টিকটক বা মেটার মতো বড় কোম্পানিগুলো এখনও কোনো মন্তব্য করেনি।
পিআর/টিকে