© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের নতুন নেতা সরানো উচিত, আমার কাছে ‘ভালো প্রার্থী’ আছে : ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের নতুন নেতা সরানো উচিত,  আমার কাছে ‘ভালো প্রার্থী’ আছে : ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ০৬ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন দেখতে চান এবং দেশটির জন্য সম্ভাব্য ‘ভালো নেতা’ হিসেবে কয়েকজনের নাম তার মাথায় রয়েছে।

বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা সেখানে গিয়ে সব কিছু পরিষ্কার করতে চাই। আমরা এমন কাউকে ক্ষমতায় দেখতে চাই না, যে ১০ বছর ধরে ধীরে ধীরে নতুন করে কাঠামো গড়ে তুলবে।

ট্রাম্প দাবি করেন, ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তার মনে কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নাম রয়েছে।

তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তিনি জানান, তার তালিকায় থাকা ব্যক্তিরা যাতে যুদ্ধের মধ্যে বেঁচে থাকেন, সে বিষয়েও তিনি নজর রাখছেন। ‘হ্যাঁ, আমরা তাদের পর্যবেক্ষণ করছি,’ বলেন ট্রাম্প।

এর আগে গত শনিবারও এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন।

তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভবিষ্যতে ইরানের নেতৃত্বে কে আসতে পারেন। উত্তরে তিনি বলেন, তিনি নিশ্চিত নন, তবে মজা করে বলেন-ইরানের কর্মকর্তারা হয়তো একসময় তাকে ফোন করে তার পছন্দ জানতে চাইতে পারেন। তিনি যোগ করেন, এ মন্তব্য তিনি ‘আংশিকভাবে রসিকতা করে’ বলেছেন।

এদিকে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি স্থল হামলা চালায়, তার জন্য ইরান প্রস্তুত।

এ মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য ‘অর্থহীন’ এবং তিনি ইরানে স্থল হামলার কথা ভাবছেন না। ‘এটা সময়ের অপচয়। তারা সব হারিয়েছে। তাদের নৌবাহিনী হারিয়েছে, হারানোর মতো যা ছিল সবই হারিয়েছে,’ বলেন ট্রাম্প।  একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার গতি ও তীব্রতা অব্যাহত থাকবে।

এমআই/টিকে 

মন্তব্য করুন