স্কুলছাত্রীদের নিয়ে ভিডিও বানিয়ে বিপাকে বাদশা
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
গান প্রকাশের পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় গায়ক বাদশার। নতুন একটি গানের কারণে আবারও আইনি জটিলতায় পড়েছেন তিনি। হরিয়ানভি ভাষার ‘টটীরী’ নামের গান প্রকাশের পর স্কুলছাত্রীদের নিয়ে তৈরি একটি দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি এতটাই বিতর্কের জন্ম দিয়েছে যে গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হরিয়ানার মহিলা কমিশন।
গত ১ মার্চ সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় গানটি। গানের দৃশ্যে বাদশার সঙ্গে দেখা যায় স্কুল পোশাক পরা একদল ছাত্রীকে। ভিডিওর শুরুতেই তারা কাঁধ থেকে স্কুলব্যাগ নামিয়ে নাচতে শুরু করে। এই দৃশ্যই আপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হরিয়ানার মহিলা কমিশনের অভিযোগ, ভিডিওটিতে ব্যবহৃত কিছু শব্দ আপত্তিকর এবং তাতে যৌন ইঙ্গিত রয়েছে। তাদের মতে, এমন উপস্থাপন তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনায় ইতিমধ্যে পানিপথ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে হরিয়ানার মহিলা কমিশন। কমিশনের সভাপতি রেনু ভাটিয়া জানিয়েছেন, স্কুলছাত্রীদের নিয়ে এমনভাবে গান ও নাচ উপস্থাপন করা সমাজের জন্য ভুল বার্তা বহন করতে পারে। বিশেষ করে অল্প বয়সী দর্শকদের মনে এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শুধু কমিশনই নয়, পঞ্চকুলার অভয় চৌধরী নামে এক ব্যক্তিও গায়কের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, স্কুল পোশাক পরে এমন নাচগান দেখানো হলে ছোট মেয়েদের কাছে তা ভুল বার্তা পৌঁছে দিতে পারে। অভিযোগের ভিত্তিতে বাদশার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে বলেও জানা গেছে।
খবর অনুযায়ী, এই অভিযোগের শুনানির জন্য আগামী ১৬ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে। ফলে নতুন এই গান ঘিরে আইনি জটিলতা কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর বিনোদন দুনিয়ার।
এর আগেও একটি পুরোনো লোকগান নতুনভাবে গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন গানের কারণে সমালোচনার মুখে পড়লেন তিনি।
পিআর/টিকে