চট্টগ্রামে নাশকতা মামলায় চট্টগ্রামে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:২৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
চট্টগ্রামের হাটহাজারীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে দায়ের হওয়া একটি নাশকতা মামলায় সালাউদ্দীন আইয়ূবী (৪৫) নামে এক সাবেক শিবির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে হাটহাজারী থানা-পুলিশ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার হয়।
সালাউদ্দীন আইয়ূবী সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। তিনি হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামের বাসিন্দা মো. জানে আলমের ছেলে। তিনি হাটহাজারী উত্তর থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
হাটহাজারী থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালে দায়ের হওয়া একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। ওই পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, পরোয়ানামূলে গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। এর বাইরে আর কিছু বলার নেই।
ইউটি/টিএ