ঐতিহাসিক ৭ মার্চ / শরীয়তপুরে আ. লীগ নেতাকর্মীদের মোমবাতি প্রজ্বালন
ছবি: সংগৃহীত
০৫:১৭ এএম | ০৭ মার্চ, ২০২৬
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।
এসময় ভিডিওতে নেতাকর্মীদের বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘৭ মার্চের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘আমাদের ধমনিতে মুজিবের রক্ত, এই রক্ত কোনোদিনও বৃথা যেতে দেব না’, ‘শেখ হাসিনা কথা দিলাম রাজপথ দখলে নিলাম’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে’-সহ নানা স্লোগান।
শরীয়তপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেবক লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের। ভিডিওতে অনেক নেতাকর্মীর মুখে মাস্ক পড়া ছিল। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর একটি মালা পরিহিত ছবি রেখে এবং মোমবাতি জ্বালিয়ে এসব স্লোগান দেন।
ইউটি/টিএ