দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত
০৯:৫৫ এএম | ০৭ মার্চ, ২০২৬
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ফাল্গুনের মাঝামাঝিতে হঠাৎ ঘন কুয়াশার কারণে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে এতে দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করে রাখা ছিল। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িক দুর্ভোগে পড়েছিল যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত পৌনে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
কেএন/টিএ