রাশিয়ার নৌঘাঁটিতে হামলায় ২ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
১০:৫৯ এএম | ০৭ মার্চ, ২০২৬
রাশিয়ার নৌঘাঁটি নোভোরোসিস্কে ইউক্রেনের হামলায় দেশটির কৃষ্ণসাগরীয় নৌবহরের দুটি ফ্রিগেট ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
বিবৃতিতে বলা হয়, ‘গত ২ মার্চ রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে অবস্থিত নোভোরোসিস্ক নৌঘাঁটিতে চালানো হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির অতিরিক্ত বিশ্লেষণের পর তাদের কৃষ্ণসাগরীয় নৌবহরের দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জাহা দুটি হলো–ফ্রিগেট অ্যাডমিরাল এসেন ও অ্যাডমিরাল মাকারভ।’
ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও মূল্যায়ন করা হচ্ছে। হামলায় রাশিয়ার অন্য কোনো নৌযানও ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা নির্ধারণে বিশ্লেষণ চলমান রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুপক্ষের সামরিক অবকাঠামো ও তাদের সামরিক-শিল্প কমপ্লেক্সের স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে।’
একই হামলায় রাশিয়ার মাইনসুইপার ভালেন্তিন পিকুল এবং সাবমেরিনবিরোধী জাহাজ ইয়েসিক ও কাসিমভও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এর আগে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের একটি সূত্র নিশ্চিত করেছিল। ক্রিমিয়ায় ইউক্রেনের ধারাবাহিক হামলার পর রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য নোভোরোসিস্ক একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয়েছে।
ইউক্রেনের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল একটি প্রধান তেল রপ্তানি টার্মিনাল। ওই স্থাপনাটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফট পরিচালিত পাইপলাইনের শেষ প্রান্ত হিসেবে কাজ করে। এই কোম্পানিটি বিশ্বের বৃহত্তম তেলের পাইপলাইন অপারেটর হিসেবে পরিচিত।
সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট