© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহ আমানত বিমানবন্দরে আজও বাতিল ১২ আন্তর্জাতিক ফ্লাইট

শেয়ার করুন:
শাহ আমানত বিমানবন্দরে আজও বাতিল ১২ আন্তর্জাতিক ফ্লাইট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৯ পিএম | ০৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারও (৭ মার্চ) একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দরের এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের সবশেষ বুলেটিনে জানানো হয়, শনিবার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

তবে শনিবার কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে সালাম এয়ারের ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে এসে পৌঁছায় এবং পরবর্তীতে এটি মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মদিনা থেকে এবং আরেকটি ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। ওই সময় থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন