ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, আটক ১
ছবি: সংগৃহীত
০৭:১৩ পিএম | ০৭ মার্চ, ২০২৬
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটক ব্যক্তির বাড়ি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
আটক রাসেল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।
এদিন বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশে আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তি দুটির মোট ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এমআই/টিকে