দেশের হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনায় কমিটি গঠন
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ০৭ মার্চ, ২০২৬
দেশের হাইটেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো কার্যকরভাবে পরিচালনার জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদকে কমিটির সভাপতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
কমিটির কর্মপরিধি কথা তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক) দেশের সব হাইটেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। খ) স্বল্প বা সুলভ মূল্যে ফ্রিল্যান্সার/প্রযুক্তিকর্মীদের ওয়ার্কিং স্পেস প্রদানের বিষয়ে নীতিমালা প্রণয়ন। গ) বাংলাদেশে পেপাল-এর কার্যক্রম শুরু করার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ। ঘ) আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে উদ্যোগ গ্রহণ করা। ঙ) কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
এমআই/টিকে