চট্টগ্রামে নিজ দলের এমপিকে হুঁশিয়ারি বিএনপি নেতার
ছবি: সংগৃহীত
১২:২৩ এএম | ০৮ মার্চ, ২০২৬
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।
শনিবার (৭ মার্চ) বিকেলে পটিয়ায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, হিংসাত্মক মনোভাব নিয়ে কেউ পটিয়াকে শাসন করতে চাইলে শান্তিকামী মানুষ তা মেনে নেবে না।
এমপির উদ্দেশে তিনি বলেন, আপনি নির্বাচিত জনপ্রতিনিধি। সবারসঙ্গে অভিভাবকসুলভ আচরণ করুন, না হলে তা আপনার জন্য ভালো হবে না।
এর আগে এক অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম বক্তব্য দিতে গিয়ে বিএনপির এক নেতাকে ইঙ্গিত করে অভিযোগ করেন, তিনি জামায়াতের কাছ থেকে অর্থ নিয়ে ‘মোমবাতি’ প্রতীকে ভোট চেয়েছেন। ওই বক্তব্যের জবাবেই ইদ্রিস মিয়া এ মন্তব্য করেন।
ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল মোনাফ এবং জিল্লুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ইউটি/টিএ