© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটওয়ারীর বক্তব্যে বিস্মিত আব্বাস, নিজে মামলা না করলেও হয়েছেন সাক্ষী

শেয়ার করুন:
পাটওয়ারীর বক্তব্যে বিস্মিত আব্বাস, নিজে মামলা না করলেও হয়েছেন সাক্ষী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৬ পিএম | ০৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানি, অবমাননার বক্তব্য ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ফেইসবুকে দেখেছেন মির্জা আব্বাস এবং এতে তিনি বিস্মিত হয়েছেন। এদিকে বিএনপি নেতার এ মামলায় সাক্ষীদের তালিকায় উল্লেখ রয়েছে মির্জা আব্বাসের নাম।

এদিন সকালে মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামি নাসীরুদ্দিনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। তবে পরবর্তী তারিখ এখনো জানা যায়নি।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এতথ্য নিশ্চিত করে বলেন, আমরা আজ সকালে আদালতে মামলার আবেদন জমা দেই। পরে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশী করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বাদী দেখেন নাসীরুউদ্দীন পাটওয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।

মির্জা আব্বাস ভাই যে চাঁদাবাজি করেন তা ১০০% সত্য, এতে কোনো ভুল নাই। বাংলাদেশে ক্রিমিনাল র‍্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’ এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে বাদীর নেতা মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে মামলার বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীর এসব বক্তব্য দেখেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা, বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। যা সব প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহিঃভূত এবং মানহানিকর বলে অভিযোগ উল্লেখ করা হয়।

এসকে/টিকে

মন্তব্য করুন